
ঢাকার সাভারের আশুলিয়া থানা এলাকায় পুলিশ এক বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে ৫ কেজি ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বুধবার (১৫ জুলাই) ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৪ হাজার টাকা বলে পুলিশ নিশ্চিত করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ০২:০৫ ঘটিকায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নূর আমিন-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রাত্রিকালীন মোবাইল-২ ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করছিল। অভিযান চলাকালীন সময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আশুলিয়া থানাধীন জিরাবো দক্ষিণপাড়া এলাকার জনৈক কামাল শেখের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
তাত্ক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই মো: নূর আমিন সঙ্গীয় ফোর্সসহ রাত ০২:২০ ঘটিকায় উক্ত স্থানে হানা দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা চারদিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ঘটনাস্থল থেকেই ৪ জনকে আটক করা হয়। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মো: আলমগীর হোসেন (৩০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শ্রী সম্রাট দাস (২৭), মো: হাবিবুর রহমান (২৮), মো: বিপ্লব (২৪), মো: নাদিম হাসান।
আটককৃত আসামিদের শরীর ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে পুলিশ নিখুঁতভাবে ডিজিটাল মিটারের মাধ্যমে মেপে মোট ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পুলিশের নিকট স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি আলমগীরসহ সিন্ডিকেট তৈরি করে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে উদ্ধারকৃত এই গাঁজা আশুলিয়া ও সাভারের বিভিন্ন স্পটে মাদকসেবীদের কাছে খুচরা ও পাইকারি দরে বিক্রি করাই ছিল তাদের মূল ব্যবসা।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মো: নূর আমিন বাদী হয়ে ধৃত ৪ জন এবং পলাতক ১ জনসহ মোট ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। মামলা দায়ের শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হবে এবং পলাতক আসামিকে গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে থানা প্রশাসন গণমাধ্যমকে নিশ্চিত করেছে।